বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৯

হালকা বৃষ্টির আভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাপ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বৈশাখের উষ্ণতা এখন আর বাধা মানতে চাইছে না। তাপদাহ ছড়িয়ে পড়ছে সবখানে। ১২ দিনের ব্যবধানে দেশের বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা বেড়েছে গড়ে ৫-৬ ডিগ্রি সেলসিয়াস।
মরুভূমির মতো আবহাওয়ায় বিপর্যস্ত মানুষ। গতকাল রোববার যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা বলেন, রোববার ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে গেছে। দেশের অন্যত্র বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ। আরও দুই-তিন দিন এমন তাপদাহ অব্যাহত থাকতে পারে। এর মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তিনি বলেন, বৃষ্টিপাত না থাকায় তাপমাত্রা বেড়েই চলছিল। এখন দু-এক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অসহনীয় গরমের মধ্যেই যেতে হবে। সপ্তাহের শেষে ঝড়বৃষ্টির আভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আর্দ্রতা বাড়তে থাকবে। তাতে শরীরে ঘাম হবে। তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি বাড়বে বেশি। ১৯-২০ এপ্রিলের দিকে হালকা বৃষ্টির আভাস রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।