ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাহাড় কর্তন করতে গিয়ে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরী পাড়া এলাকায় মাটি চাপা পড়ে ৩ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে।
আজ বুধবার ২৯ মার্চ সকালে এ ঘটনাটি হয়েছে। নিহতরা হলেন এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মোতালেব এর পুত্র জাহিদ হোসেন (২৩) ও তিন নম্বর ক্যাম্পের মোহাম্মদ ওয়ারেসের পুত্র সৈয়দ আকবর (২০) এবং একজনের নাম এখনো জানা যায়নি।
উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নেমে পড়েন। এ সময় পুলিশের সদস্য ও সিপিপি কর্মীরাও অংশগ্রহণ করেন।
উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব, ইমরান হোসাইন সজীব ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জনাব, গাজী শফিউল আলম বেলা ২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্টেশন ম্যানেজার আরও জানান, দমকল বাহিনীর সদস্যরা পাহাড়ের মাটির চাপা অবস্থায় ২টি মরদেহের লাশ উদ্ধার করলেও সকালে স্থানীয়রা নিহত একজনের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, শেখ মোহাম্মদ আলী জানান, মাটি চাপা পড়ে নিহত উদ্ধার হওয়া রোহিঙ্গাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।