ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শৈত্যপ্রবাহ চলছে টানা তিনদিন ধরে চুয়াডাঙ্গায়। দিনের বেশিরভাগ সময় সূর্য দেখা যাচ্ছে না। আজ শনিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকাল থেকেই আছে ঘন কুয়াশা এবং হিমেল বাতাস। এতে শীত আরো বেশি অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা আবাহওয়া অফিসের হিসাব অনুযায়ী চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ শনিবার। সেখানে তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও আজ শনিবার এবং আগেরদিন শুক্রবার চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তাপমাত্রা এভাবে নিচের দিকে নেমে আসায় চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের মানুষের উপস্থিতি কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছেন না।