ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিন দিন বাড়ছে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা। তাপমাত্রাও কমে এসেছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানও বেড়েছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকছে বেশি। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত তেজ পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা জানায়, গত শনিবার সন্ধ্যা থেকে পঞ্চগড় শীতের তীব্রতা বাড়তে থাকে। উত্তরের ঠাণ্ডা বাতাস আর রাতে ঝরছে কুয়াশা। কখনো হালকা আবার কখনো ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। সকালে দেরিতে দেখা মিলছে সূর্যের। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরম কাপড় পরে বাইরে বের হতে হচ্ছে মানুষজনকে। কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শহরের তুলনায় গ্রামে শীতের তীব্রতা তুলনামূলক বেশি।