ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দক্ষিণ টিএন্ডটিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে বৃদ্ধা শাহজানির বসতঘর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আকাশে কালো ধোয়ার কুণ্ডলী দেখে আশেপাশের ও বাজারের লোকজন ছুটে এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ মুহুর্তে ফায়ার সার্ভিসের একটি দল এসে অগ্নিকান্ডের সমাপ্তি টানেন।
ক্ষতিগ্রস্ত বৃদ্ধা শাহজানি বেগম জানান, স্বামী হারা অভাবের সংসার আমার। নাতিকে স্কুলে দিতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার শেষ সম্বলটুকু আগুনে পুড়ে শেষ। এ সময় তার আত্মচিৎকারে পরিবেশ হয়ে ওঠে ভারী। পানছড়ি থানার ওসি জনাব, আনচারুল করিম ঘটনাস্থলে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেখাদেখি অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসে।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২ বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার ০১ প্যাকেট ও নগদ ৬ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ। ঢেউটিন ও চেক বিতরণে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,৩ নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ও চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”