শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৬

কুপিয়ে হত্যা টাকার জন্য।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকা না দেওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরে জিমি আক্তার (৩০) নামে এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী নুর আলম আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যালে ভর্তি রয়েছেন। হত্যার ঘটনায় অভিযুক্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুর আলমের ছোট ভাই হাবিবুর রহমান বাদী হয়ে আজ সোমবার সকালে ২৫ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি জনাব, মো. আবু বকর মিয়া জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জিমি বেগম নামের এক নারী খুন হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তার স্বামী ফরিদপুর মেডিক্যালে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হবে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।