ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছেন কোস্ট গার্ড। এ সময় একটি বোটসহ আটজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার আজগর হোসেন, মো. সেলিম, লক্ষ্মীপুর জেলার কবির হোসেন, ভোলা সদর উপজেলার আব্দুল মমিন, চরফ্যাশন উপজেলার মো. শামীম, মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাট থানা এলাকার মো. সিরাজ ও দৌলতখানের মো. রায়হান।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৪৯২ বস্তা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।