শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮

ছুরিকাঘাতে যুবককে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে পারিবারিক বিরোধের জেরে, আর এ ঘটনা ভোলায়।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো: গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত টুলু ওই ইউনিয়নের মো: রহমান চোকদারের ছেলে এবং তিনি দুই সন্তানের বাবা।
অভিযুক্ত ফারুক ও টুলু রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।
এসআই গোলাম মোস্তফা জানান, তাৎক্ষণিকভাবে জানা গেছে টুলু ও ফারুক মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। গতকাল টুলু ও ফারুকের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। তাদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ফারুক ছুরিকাঘাতে টুলুকে হত্যা করেছে। ঘটনার পর ফারুক পালিয়ে গেছে। পুলিশ রক্তাক্ত ছুরি জব্দ করেছে। টুলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, মো: মামুন অর রশিদ জানান, ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত ফারুককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, এ ঘটনায় শুধু ফারুকই জড়িত না কি অন্য কেউ আছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।