ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়া শহরতলীর বেজোড়া এলাকায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া পৌর এলাকার ২১নং ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ আলী (২০) শহরতলীর সুজাবাদ পূর্বপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।
আহতরা হলেন, সুজাবাদ বালাপাড়ার আব্দুল হান্নানের ছেলে মিল্লাত হোসেন (২৫) ও শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের আব্দুল গফফারের ছেলে জামিরুল ইসলাম।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হতাহতরা ব্যাটারিচালিত ইজিবাইকে বেজোড়া থেকে বনানীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটিতে চালক ছাড়াও ৬ জন যাত্রী ছিলেন।
একই সময় বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে ৪ যুবক বেজোড়ার দিকে যাচ্ছিলেন। বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে।
এ নিয়ে ইজিবাইকের যাত্রীদের সঙ্গে মোটরসাইকেল আরোহীদের বাকবিতণ্ডা শুরু হয়।
এসময় মোটরসাইকেলে থাকা যুবকরা ধারাল ছোরা দিয়ে ইজিবাইকের যাত্রীদের উপরে হামলা করে।
এতে তিন যাত্রী ছুরিকাঘাত হয়। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে জুনায়েদ মারা যান।
ওসি জনাব, শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছেন।