ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চট্টগ্রামে নূরনবী (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিকের ১০ নম্বর সড়কের একটি বন্ধ গ্যারেজ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, ঢাকার যাত্রাবাড়ী থেকে নূরনবীকে অপহরণ করা হয়। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে গত শনিবার অপহরণকারীরা মোবাইল ফোনে একটি ভিডিও বার্তাও পাঠায়।
মুক্তিপণ না পেয়ে নূরনবীকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল দুপুরে হিলভিউ আবাসিকের ১০ নম্বর সড়কের একটি গ্যারেজের সামনের সড়কে নূরনবীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করে। পরে রাতে নূরনবীর পরিচয় শনাক্ত হয়।
মরদেহটির মাথা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পাঁচলাইশ থানার ওসি জনাব, সন্তোষ কুমার চাকমা গতকাল রাতে জানান, নূরনবীর বাসা ঢাকায়। গত শুক্রবার সে ও বেলাল নামে তার এক বন্ধু বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। গতকাল দুপুরে হিলভিউ আবাসিক এলাকার একটি গ্যারেজের সামনে থেকে নূরনবীর মরদেহ উদ্ধার করা হয়।
বেলালকে এখনো পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, নূরনবীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।