ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফারিয়া খানম জেরিন নামের ৯ বছরের এক শিশুকে কক্সবাজরের টেকনাফে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জেরিন উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকার সানাউল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুসসুন্নাহ মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
গত বৃহস্পতিবার বিকালে সে নিখোঁজ থাকার পর শুক্রবার বিকালে মাদরাসার পাশে একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এ ঘটনায় ধর্ষক ও হত্যাকারী মোহাম্মদ এরফানকে (১৭) আটক করেছে র্যাব-১৫।
সে হ্নীলা সিকদার পাড়ার বাসিন্দা ও আলী আহমদের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-১৫ টেকনাফে এক সংবাদ সম্মেলনে জানান, শিশু ফারিয়া নিখোঁজ হওয়ার পর র্যাব-১৫ এর একাধিক টীম তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিতে সন্দেহজনকভাবে মোহাম্মদ এরফানকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশু ফারিয়াকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার বিষয় স্বীকার করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, নিহত শিশুর সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের বেশ আলামতও পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।