শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান সাঈদ রাকিব (১৮) নামে ঢাকা রাজধানীর ধানমন্ডিতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ধানমন্ডির আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি।
রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে ধানমন্ডি শেখ জামাল মাঠের পূর্ব পাশের ফুটপাতে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, রাতে আদনানসহ তার এক বন্ধু শেখ জামাল মাঠের পাশে চা পান করতে যান। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাদের জিম্মি করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা আদনানের গলার পাশে ছুরিকাঘাত করে। তখন সাথে থাকা তার বন্ধু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তিতে ছিনতাইকারীরাও সেখান থেকে পালিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় আদনানকে দেখতে পেয়ে পথচারীরা দ্রুত আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান এবং সেখানে মৃত্যু হয় তার। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার তিতারকান্দি গ্রামের নুরনবীর ছেলে আদনান। বর্তমানে পরিবারটি গ্রীন রোডে থাকে। ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন আদনান।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।