শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৫

গলা কেটে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কুদ্দুস আলী ওরফে কালু (৩৫) নামের রাজশাহীর পুঠিয়ায় ব্যাটারিচালিত এক ভ্যানচালককে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২১ মে) ভোর পৌনে ৫টার দিকে উপজেলা জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া ঢালান নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটে। এ সময় ভ্যানযাত্রী সবজি বিক্রেতা আব্দুল আওয়ালের (৫৫) কাছে থাকা টাকা-পয়সা কেড়ে নিয়ে তাকে নির্যাতনের পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহত ভ্যানচালক কালু চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে।
আহত সবজি বিক্রেতা আওয়ালের বাড়ি পুঠিয়া সদরের কান্দ্রা গ্রামে। সকালে মহাসড়কের পাশ দিয়ে লোকজন হাঁটাহাঁটি করার সময় মানুষের কান্নার আওয়াজ শুনতে পান। পরে সেখানে গিয়ে একজনকে গলাকাটা ও অপর একজনের হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে থানার ওসি জনাব, ফারক হোসেন বলেন, ঘটনাটি লোমহর্ষক। ঘটনাস্থলে ছুরি পড়ে থাকতে দেখা গেছে। আলামত উদ্ধারে সিআইডিকে ডাকা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্তদের শনাক্তে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।