শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১

মরদেহ উদ্ধার এক তরুণীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের দুই দিন পর কুড়ি গ্রামে রৌমারীতে রেখা খাতুন (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর নামক এলাকার ব্রহ্মপুত্রের চরে গমক্ষেতের কোনায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম বাদী হয়ে রৌমারী থানায় অজ্ঞাতদের আসামি করে এজাহার দায়ের করেছেন। নিহত রেখা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে মায়ের কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন চেয়ে নেন রেখা খাতুন। এর পর থেকে তাকে বাড়িতে আর খুঁজে পাওয়া যায়নি। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকাল ১১টার দিকে একটি লাশের সন্ধান মেলে বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকার ব্রহ্মপুত্রের চরে। পরে ঘটনাস্থলে গিয়ে গমক্ষেতের কোনায় গলায় ওড়না পেঁচানো এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় ভাই উমর ফারুক লাশটি তার বড় বোনের বলে শনাক্ত করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ জনাব, রূপ কুমার সরকার বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। তিনি আরো বলেন, ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্ত করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।