ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত টাঙ্গাইলে হত্যা মামলায় পলাতক আসামি জহিরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৩ জানুয়ারি) ভোর রাতে ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জহিরুল ইসলাম নাগরপুর উপজেলার মীর কুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে। রায় ঘোষণার পর থেকে তিনি দুই বছর ধরে পলাতক ছিলেন।
র্যাব-১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ২০১৩ সালে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় আউয়াল নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই বছরের ১ আগস্ট মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় জহিরুল ইসলামকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জহিরুল ইসলামকে মৃত্যুণ্ডে দণ্ডিত করেন। কিন্তু মামলা চলাকালে জহিরুল ইসলাম পালিয়ে যান।
র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে জহিরুলকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।