রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫

ক্লিনিং ডে উদযাপিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গতকাল ১০টি অঞ্চলে একযোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ উদযাপিত হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক কর্তৃক প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করার পর এটি ছিল প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে কার্যকরভাবে বাস্তবায়নের অংশ হিসেবেই এ কর্মসূচি পালন করা হয়।
ডিএসসিসির ১০টি অঞ্চলে একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। প্রতিটি অঞ্চলে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা (আনিক) সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রমের নেতৃত্ব দেন।
এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত প্লট মালিকরাও নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।