ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোরবানির পশুর হাটে (আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে) জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় সক্রিয় হয়ে উঠেছিল জাল টাকার চক্র। এমন তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার বড় মহাজন খ্যাত কাউসারসহ দুইজনকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।
গ্রেফতারকৃতরা হলেন, মো. কাউসার (৫০) ও মো. কামাল (৫১)।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা কেরানীগঞ্জের কদমতলীতে ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব, মো. তরিকুল ইসলাম।
অভিযানকালে কাউসারের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকাসহ মোট ৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, জলছাপযুক্ত বিশেষ কাগজ, কালি, হ্যান্ড সিলার এবং তিনটি কাঠের ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।