ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুবাইয়ের শারজাহ থেকে আসা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা এসব সিগারেটের বিপরীতে সরকারের পাওনা রাজস্বের পরিমাণ প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দরের এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। আটককৃত দুই যাত্রী হলেন, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হাসান মিয়া এবং কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমুল করিম।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত সিগারেটগুলো ‘ডিপার্টমেন্টাল মেমোরান্ডা’র (DM) মাধ্যমে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট যাত্রীদের মৌখিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই ও কাস্টমসসহ সংশ্লিষ্ট সকল সংস্থার এই কড়া নজরদারি অব্যাহত থাকবে।