ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর লাশ ঢাকা রাজধানীর হাতিরঝিল পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানিতে পাওয়া গেছে। এ ঘটনার বিচারের দাবিতে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাতিরঝিল থানা ঘেরাও করে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
রাতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
হাতিরঝিল থানার ওসি জনাব, গোলাম মর্তুজা জানান, রাতে শিশুটিকে হত্যা করা হয়েছে দাবি করে ওই এলাকার আনুমানিক ১০০ থেকে ১৫০ জন থানার সামনে এসে অবস্থান নেন। বিষয়টি আমরা খুব গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি। ঘটনার পরপরই আইন অনুযায়ী শিশুর লাশ মর্গে পাঠানো হয় এবং তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
তিনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে থানায় একটি হত্যা মামলা করা হচ্ছে। মামলায় কোনো আসামির নাম ব্যবহার না করলেও তদন্ত সাপেক্ষে নাম দেওয়া হবে।