বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩২

এক রোহিঙ্গা দম্পতি আটক, মাদক বিক্রির কোটি টাকাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক বিক্রির এক কোটি ১৭ লাখ টাকাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‍্যাব-৭ এবং এই ঘটনা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে।
আটককৃতরা হলেন- মো. শওকত ইসলাম (৩২) ও মর্জিনা (২৮)। তাদের কাছ থেকে ৫,৩০০পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। খবর ইউএনবি’র।
র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মাহমুদুল হাসান মামুন বলেন, তারা (আটক দম্পতি) মিয়ানমারের নাগরিক ও মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে মাদকের ব্যবসা করে আসছিল।
র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে যেসব টাকা উদ্ধার করা হয়েছে তা মাদক বিক্রির টাকা বলে তারা আমাদের কাছে স্বীকার করেছেন।
রোহিঙ্গা দম্পতি কৌশলে চান্দগাঁও আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানান তিনি।
আটককৃত দম্পতির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।