ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অর্থ উপদেষ্টা জনাব, সালেহউদ্দিন আহমেদের এক দিনের জন্য হলেও (স্বায়ত্তশাসনের প্রস্তাব বাতিল করায়) পদত্যাগ চান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় অর্থ উপদেষ্টার এই পদত্যাগের দাবি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে অক্টোবরের শুরুতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু কোনো প্রক্রিয়া ছাড়াই এটি বাতিল করা হয়েছে।
বর্তমান উপদেষ্টা যখন গভর্নর ছিলেন, তখন তিনিও এই প্রস্তাবের পক্ষে ছিলেন। কিন্তু আমরা দেখলাম তিনি তা প্রয়োজন নেই বলে গভর্নরকে এক চিঠিতে জানান। এই দ্বিমুখী অবস্থানের কারণে তার পদত্যাগ চাইছি। সেটা যদি এক দিনও হয়, সেটাও আমরা চাই।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে এগিয়ে থাকা দুটি রাজনৈতিক দল তাদের ইশতেহারে স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা চাই, যে দলই সরকার গঠন করুক, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন দ্রুত সময়ে বাস্তবায়ন করা হয় এবং আগামী ১২ তারিখের নির্বাচনের পর সর্বস্থরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তিনি।