ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশকে নির্দেশ, নিরপেক্ষ দায়িত্ব পালনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত ভূমিকা পালনের মাধ্যমে জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে চায় পুলিশ বাহিনী। এ লক্ষ্যেই নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সদর দপ্তর ৭৩ দফা নির্দেশনাসংবলিত একটি বুকলেট প্রকাশ করেছেন।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে এই বুকলেট দেওয়া হচ্ছে এবং দায়িত্ব পালনকালে এটি সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছেন, নির্বাচনের মাঠে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট ও বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে এই নির্দেশিকায়।
বুকলেটে বলা হয়েছে, নির্বাচনকালে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের ধৈর্য ও সংযম বজায় রেখে আইনানুগ দায়িত্ব পালন করতে হবে। উসকানি এড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও সৌজন্য বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রে পুলিশের ভূমিকা কী হবে এবং কোন আচরণগুলো কঠোরভাবে পরিহার করতে হবে, সে বিষয়ে লিখিত নির্দেশনা রয়েছে।