ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপরাধ দমনের লক্ষ্যে ও দেশের সার্বিক নিরাপত্তা জোরদারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে গ্রেফতার করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোলা সদরে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলাস্থ ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে উক্ত এলাকার বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়ি থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরুফে সকেট জামালের ঘনিষ্ঠ সহযোগী সেলিম কাজী ও মো. হাসানকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি করে একনলা দেশীয় পাইপগান, একনলা বন্দুক, দুইটি দেশীয় অস্ত্র, তিন রাউন্ড শর্টগানের কার্তুজসহ ১২ রাউন্ড তাজা গোলা ও একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।