বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:২৯

জেলে পরিবারের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলেদের সার্বিক জীবনমান উন্নয়নে কুয়াকাটায় উপকূলীয় এলাকায় জেলে বধূদের দল গঠন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিড়ি’র উদ্যোগে ফিসনেট প্রকল্পের আওতায় সোমবার বিকালে কুয়াকাটার জেলে পল্লী হোসেন পাড়ায় এ দল গঠন করা হয়। এ সময় সিড়ি ফিসনেট প্রজেক্ট’র প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস, ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকো নাইন ও নেওয়েনসহ এলাকার প্রান্তিক মৎস্যজীবী পরিবারের ৫০ জন জেলে বধূ উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা যায়, উপজেলার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও ঘনবসতিপূর্ণ সামুদ্রিক জেলে বসতি এলাকায় ২৫টি দল গঠন করা হবে।
আর প্রতিটি দলে ২৫ জন করে জেলে বধূ থাকবে। তাদের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করবে এই দলগুলো।
প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস বলেন, এ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মৎস্যজীবীদের জীবন জীবিকা পুনর্গঠন ও টেকসই উন্নয়ন নিশ্চিত, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধার করার উদ্দেশ্যে দাতা সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’র অর্থায়নে এ প্রকল্প কাজ করবে। তিনি আরও বলেন, সমুদ্রে সামুদ্রিক আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এ প্রজেক্ট’র মাধ্যমে জেলেদের জীবনমান উন্নয়ন বৃদ্ধি ও অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিড়ি’।