শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

হত্যার অভিযোগে দুইজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বশুর বাড়িতে জামাইকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে। এ ঘটনায় শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার সকালে চারজনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা করে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর রায় গ্রামে আফছার উদ্দিনের (৪০) গায়ে আগুন দেয়া হয় এবং বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আফছার উদ্দিন (৪০) জেলার সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) জনাব, আমান উল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শ্বশুর-শাশুড়ি এই দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো বলেন, শ্বশুর-শাশুড়ির কাছে পাওনা টাকার জের ধরে এ ঘটনা ঘটে। শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা আফছারের শরীরে আগুন দিয়েছে এবং আমরা আগুন দেয়ার প্রমাণ পেয়েছি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।