শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

হত্যার দায়ে বাবা গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নবজাতক সন্তানকে হত্যার অভিযোগে কুড়িগ্রামে লাল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জনাব, মো. রুহুল আমীন।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারীর রাবাইটারী এলাকায় লাল মিয়া ও সমীরণ দম্পতির তিন বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। তবে লাল মিয়ার পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তারা নাগেশ্বরীর রায়গঞ্জ তেঁতুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন। গত ২২ অক্টোবর সমীরণ বাবার বাড়িতে ছেলেসন্তান প্রসব করেন। তবে লাল মিয়া সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন।
সমীরণ প্রতিবাদ করলে ২৭ অক্টোবর লাল মিয়া নবজাতকের ডিএনএ পরীক্ষার আশ্বাস দিয়ে মোটরসাইকেলে রংপুরে যাওয়ার কথা বলে রওনা হন। সন্ধ্যায় তিস্তা সেতুর ওপর মোটরসাইকেল থামিয়ে নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়ানোর কথা বলেন। একপর্যায়ে লাল মিয়া নবজাতককে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে তিস্তা নদীতে ফেলে পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, সমীরণ আর্তনাদ শুরু করলে পথচারীরা ফায়ার সার্ভিসে ফোন দেন। তবে নবজাতকের সন্ধান মেলেনি। পরে স্বামীকে পুলিশে সোপর্দ করতে ফোন দিয়ে কৌশলে তাঁকে আসতে বলেন। ২৮ অক্টোবর তিনি এলে তাঁকে ভাইয়ের শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশে জানান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া সন্তানকে নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হত্যা মামলার পর আসামিকে আদালতে হাজির করা হলে ঘটনার বর্ণনা দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. রুহুল আমীন আরও বলেন, বাবা কর্তৃক নবজাতককে হত্যা হৃদয়বিদারক ঘটনা।