শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৮

ইজিবাইক চালক খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইসমাইল হোসেন (৪৫) নামে বগুড়ার কাহালুতে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ। রোববার সকালে উপজেলার দলগড়া এলাকার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল ওই উপজেলার উলট্ট মধ্যপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মাহামুদ হাসান বলেন, শনিবার বিকেলে আছর নামাজের পর ইসমাইল বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। তিনি রাতেই ইজিবাইক চালাতেন তাই পরিবারও কোন সন্দেহ করেনি। আজ সকালে স্থানীয়রা ধানক্ষেতে ইসমাইলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
ওসি জনাব, মাহামুদ হাসান আরও বলেন, প্রথমে এই হত্যাকাণ্ডটি ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে সন্দেহ করা হয়েছিল। তবে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে উপজেলার মুরইল ইউনিয়নের জিয়াকুর গ্রামের ঈদগাহ মাঠ থেকে ইসমাইলের ইজিবাইক উদ্ধার করা হয়েছে। ইজিবাইকের ব্যাটারিসহ অন্যান্য সামগ্রীও অক্ষত আছে। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।