শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০১

এক যুবকের মৃত্যু ছিনতাইকারীর ছুরিকাঘাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর উত্তরা এলাকায় এক যুবক নিহত হয়েছেন। তার নাম দেলোয়ার হোসেন (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই আনোয়ার হোসেন (২৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে মেইন রোডে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার। আর আহত আনোয়ারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহত দেলোয়ারের বড় বোন আলেয়া বেগম জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। দেলোয়ার দক্ষিণখান এলাকায় থাকেন এবং একটি বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে রয়েছেন।
আর আনোয়ার থাকেন ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা লালশাহ মাজারের পাশে একটি বাসায়।
তিনি বলেন, গতকাল রাতে পিকআপ ভ্যানে বাসার মালামালসহ বাবা আলাউদ্দিন এবং মা হামিরুন্নেসাকে তারা দুই ভাই গ্রামের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা রওনা হন রাত ২টার দিকে। এরপর ভোর ৪টার দিকে তার কাছে খবর আসে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন তারা।
তাদের ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে। এরপর তিনি ঢাকা মেডিক্যালে গিয়ে আনোয়ারকে আহত অবস্থায় দেখতে পান। এ সময় জানতে পারেন, দেলোয়ার ঘটনাস্থলেই মারা গেছেন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত আনোয়ার জানান, ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে প্রথমে তাদের টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিল।
তখন তারা দুই ভাই ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে আটকের চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি আঘাত করে চলে যায়।
এদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থপ্রতিম ব্রহ্মচারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।