শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৯

জমি সংক্রান্ত বিষয়ে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সালিশবৈঠকে ছুরিকাঘাতে খুন হলেন সালিশদার আবদুর রউফ (৭০), আর এ সালিশ বাড়ির জায়গা নিয়ে দুই ভাইয়ের বিরোধের সালিশ।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের আমজাদ মজুমদার বাড়িতে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রউফ স্থানীয় হোটেল ব্যবসায়ী ছিলেন। রাতেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, ওই বাড়ির মামুন, তার স্ত্রী রোকসানা এবং সালিশদার মনসুর।
নিহতের ছেলে আবদুল মোমিন জানান, তাদের বাড়ির মিজান ও মামুন দুই ভাইয়ের মধ্যে ঘরের জায়গা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির উঠানে সালিশ ডাকে দুই ভাই। সালিশে স্থানীয় ২০-২৫ জন গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় বিদ্যুৎ চলে যায়। তখন হট্টগোল থামানোর চেষ্টা করেন বাবা আবদুর রউফ।
আবদুল মোমিনের অভিযোগ, সালিশদার মনসুরের সঙ্গে পূর্ব থেকে বিরোধ ছিল তার বাবার। এ সুযোগ কাজে লাগাতে অন্ধকারে মনসুরের নেতৃত্বে তার বাবার ওপর হামলা করে মামুন ও তার ছেলে আরমানসহ কয়েকজন। তাদের সবার হাতে দা-ছুরি ছিল। ছুরিকাঘাত করে তার বাবাকে রক্তাক্ত করা হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আবদুল মোমিন বাদী হয়ে রাতেই পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
ছাগলনাইয়া থানার ওসি জনাব, সুদ্বীপ রায় জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।