শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০

ছেলের আঘাতে বাবার মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই ছেলের ঝগড়া-বিবাদ ও মারধরের ঘটনা থামাতে গিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে কোদালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। মাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) রাতে এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী (৬২) কৃষি কাজ করতেন।
এ ঘটনায় জড়িত নিহতের বড় ছেলে মুছা শেখকে আটক করেছে পুলিশ। সে শ্রমিকের কাজ করত।
এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলে কলেজছাত্র হারুন শেখকে থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে প্রায়ই ওই বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকত।
এরই জের ধরে রবিবার রাতে দুই ভাইয়ের (মুছা-হারুন) সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের নিভৃত করতে বাবা ও মা এগিয়ে এলে বড় ছেলে মুছা কোদালের গোড়ালি দিয়ে তাদের পিটুনি দেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই বাবা আশরাফ আলীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত মা শাহিদা খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেছেন।
এনায়েতপুর থানার ওসি জনাব, আনিছুর রহমান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতসহ ঘটনার সঙ্গে জড়িত নিহতের বড় ছেলে মুছাকে আটক করা হয়েছে।
ঘটনা সম্পর্কে জানতে ছোট ছেলে হারুনকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ উদ্ধারের পর থানায় রাখা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।