ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর উত্তরায় বন্ধুর সঙ্গে বাগবিতণ্ডার জেরে লিমন (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
নিহত লিমন জামালপুর সদর উপজেলার আব্দুল খালেকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের হাবিব মার্কেটের পাশে ভাড়া বাসায় থাকত।
লিমনের বাবা আব্দুল খালেক বলেন, রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে বন্ধু ওবায়দুলের সঙ্গে আমার ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওবায়দুলসহ আরো দুইজন মিলে লিমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে আমরা দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি আব্দুল খালেক।
এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।