শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১২

শ্রমিকের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের একদিন পর ফরিদপুরের বোয়ালমারীতে মিজান শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছনে নিমাই কুলুর মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ আব্দুল ওহাব।
জানা যায়, গত বুধবার থেকে মিজান শেখ নিখোঁজ ছিলেন। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখের ছেলে। তিনি দুই বিয়ে করেছিলেন। তবে তার কোনো সন্তান ছিল না। দুই স্ত্রীর সঙ্গেই তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মিজান শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। তারপর থেকে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজে ব্যর্থ হন। পরে বৃহস্পতিবার রাতে স্কুলের পেছনে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ির ইনচার্জ আজাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানের মরদেহ উদ্ধার করে।
বোয়ালমারী থানার ওসি জনাব, মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মরদেহ উদ্ধারের পর পুলিশ নিহতের বাড়িতে গিয়েছিল। তার স্বজনদের মাধ্যমে আমরা জানতে পেরেছি বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে নিখোঁজের ব্যাপারে কেউই থানায় লিখিত বা মৌখিকভাবে কিছুই জানায়নি।
তিনি আরও জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে মনে হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।