ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব বিরোধের জের ধরে পাবনায় ছুরিকাঘাতে রাকিবুল হাসান রিকো (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার হেমায়েতপুরে এ ঘটনা ঘটে। নিহত রিকো শহরের ছাতিয়ানী বটতলা এলাকার ফুরকান ওরফে ফারুকের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, কয়েক দিন আগে হেমায়েতপুর এলাকার জুলবার ওরফে ভোলার কাছ থেকে একটি পুরনো মোটরসাইকেল কেনেন রিকো।
ওই মোটরসাইকেলের কাগজপত্র হস্তান্তরকে কেন্দ্র করে রিকো ও ভোলার মধ্যে বিরোধ চলছিল। এদিন রাতে মোটরসাইকেলের কাগজপত্র দেওয়ার কথা বলে রিকোকে ডেকে নেয় ভোলা। কিন্তু কাগজপত্র আনতে গেলে রিকোকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ভোলা। স্থানীয়রা রিকোকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কৃপা সিন্ধু বালা বলেন, ঘটনার পরপর হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।