শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

গ্রেফতার হত্যা মামলার আসামি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা মামলার আসামি ঢাকা রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে মো. আইয়ুব আলীকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-২। আজ সোমবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জনাব, শিহাব করিম এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৮ জুন দিনাজপুর জেলার পার্বতীপুর থানা সংলগ্ন এলাকায় প্রেমের সম্পর্কের জেরে ইউনুছ আলী নামে এক যুবককে ফোনে ডেকে নিয়ে একদল দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে লাশ লুকিয়ে রাখে। পরে অভিভাবককে ফোনে ডেকে স্থানীয়ভাবে সালিশ বিচারের মাধ্যমে নিহতের বাবাকে চার লাখ টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিতে বলা হয়।
নিহতের বাবা গোপনে জানতে পারেন তার ছেলেকে আগেই হত্যা করা হয়েছে। পরবর্তীতে তার বাবা থানায় খবর দিলে পুলিশ আসামির চাচার বাড়ি থেকে ইউনুছ আলীর মরদেহ উদ্ধার করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের বাবা দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানায় ইউনিয়ন পরিষদ সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এএসপি জনাব, শিহাব করিম আরো জানান, এরই ধারাবাহিকতায় গোপন খবরের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়।