শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৭

ছুরিকাঘাতে ছোট ভাই খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বড় ভাইয়ের ছুরিকাঘাতে বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাই মাসুম মন্ডল (৩৪) খুন হয়েছেন। বুধবার (২৮ জুন) রাত পৌনে ৯টায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার উপজেলা সম্মিলিত ট্রাক চালক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের বিষয়টি দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।
মাসুম দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর তালুকদারপাড়া মহল্লার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে ও উপজেলা সম্মিলিত ট্রাক চালক সমিতির পিয়ন।
অন্যদিকে অভিযুক্ত নিহতের বড় ভাই শহীদ হাসান মন্ডল সুইট (৩৫) ঢাকাতে রং মিস্ত্রির কাজ করেন।
স্থানীয়দের থেকে জানা যায়, বুধবার রাতে সুইট ও মাসুমের মধ্যে পারিবারিক কোন্দলের জেরে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সুইট ছুরি দিয়ে মাসুমের বুকের বাম পাশে ও পিঠে আঘাত করে। এতে মাসুম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই স্থানীয় লোকজন সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি জনাব, আবুল কালাম আজাদ জানান, সুইট নিহতের সৎ ভাই। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল।
ঈদের কারণে ঢাকা থেকে বাড়িতে আসে সুইট। দুপচাঁচিয়ায় এসে সেই দ্বন্দ্ব আবারও শুরু হয়। তার জেরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ওসি জনাব, আজাদ আরও জানান, মাসুমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সুইটকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।