শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

পিটিয়ে হত্যা এক ব্যবসায়ীকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০০ টাকার ছেঁড়া নোট নিয়ে কথার কাটাকাটির জেরে ঢাকা রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মিরপুর ১০ নম্বর গোল চত্বরে (এসএ পরিবহণের গলি) মায়ের দোয়া বিরিয়ানি হাউজের সামনের ঘটনায় নিহত হাফিজুল ইসলাম চিকেন ফ্রাইয়ের ব্যবসা করতেন। এ ঘটনায় নিহতের ভাই সজীব মিরপুর মডেল থানায় মামলা করেছেন।
সজীব জানান, লোকজনের মুখে জেনেছি সন্ধ্যায় আসাদুজ্জামান চয়ন, অজ্ঞাতনামা ৩-৪ জন আমার ভাইয়ের দোকানে এসে চিকেন ফ্রাই কেনে। চয়ন আমার ভাইকে চিকেন ফ্রাইয়ের দাম বাবদ ১০০ টাকার একটি ছেঁড়া নোট দেয়। সে তখন ওই টাকা পরিবর্তন করে দিতে বললে তাদের সঙ্গে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের একপর্যায়ে চয়নসহ ৩-৪ জন মিলে আমার ভাইকে এলোপাতাড়ি চড়-থাপ্পর, কিল-ঘুসিসহ লাথি মারে। তাদের মারধরে ভাই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। এরপর লোকজন তাকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার ওসি জনাব, মোহাম্মদ মহসিন বলেন, এ ঘটনায় চয়ন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অন্যদেরও খুঁজে বের করা হবে।