ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবদুর রাজ্জাক (৪৮) নামে বগুড়া সদরে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুই লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার রাতে উপজেলার নামুজা ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় বাড়ির কাছে মোটরসাইকেলের গতিরোধ করে এ ঘটনা ঘটে। মধ্যরাতে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত আবদুর রাজ্জাক বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের শাহ্পাড়ার মৃত লছির উদ্দিনের ছেলে। তিনি গৃহস্থদের বাড়ি থেকে গরু কিনে হাট-বাজারে ও কসাইদের কাছে বিক্রি করে আসছেন।
রাত ৯টার দিকে বাড়ির কাছে রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এর পর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে কোমর থেকে দুই লাখ ২০ হাজার টাকা বান্ডেল নিয়ে পালিয়ে যায়। আবদুর রাজ্জাকের আর্ত্মচিৎকারে স্বজন ও গ্রামবাসীরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মধ্য রাতে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, স্নিগ্ধ আখতার জানান, পরিবারের সদস্যরা এ ঘটনাকে ছিনতাইকারীর কাজ দাবি করলেও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে, কেউ গ্রেফতার হলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।