শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪১

স্ত্রী হত্যার দায়ে ফরিদপুরের নগরকান্দায় ঘাতক স্বামী আটক।

ডেইলি ক্রাইম বার্তা : স্ত্রী হত্যার দায়ে ফরিদপুরের নগরকান্দায় ঘাতক স্বামী সাহেব আলীকে আটক করা হয়েছে। তার পিতা ওহাব শেখ বাড়ি কোনাগ্রাম থানা নগরকান্দা জেলা ফরিদপুর।
গত ২৩/০৩/২৩ তারিখ সকাল আনুমানিক ১০.০০ টার সময়ে নগরকান্দা থানাধীন মানিকনগর গ্রামে ভাংগা টু ফরিদপুরগামী মহাসড়কের মানিকনগর ব্রীজের পাশের ঢালে জঙ্গলের মধ্যে একটি অজ্ঞাতানামা মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল হতে ঐ সময় পুলিশ একটি পুরাতন বাটন মোবাইল সেট, একটি শপিং ব্যাগে দুইটি প্লাজো (মেয়েদের পাজামা) একজোড়া মহিলাদের স্যান্ডেল, এক জোড়া পুরুষের স্যান্ডেলসহ ছোট ছোট আরো কিছু আলামত জব্দ করে। উপস্থিত লোকজনের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় নগরকান্দা থানা পুলিশ লাশের পরিচয় নিশ্চিত হতে ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তা গ্রহন করেন এবং মৃত মহিলার নাম মনি ওরফে মনিরা আক্তার(২৬) পিতা জাফর হোসেন, মাতা রোকেয়া, সাং নিজ ভোগডাবুরী, পোস্ট চিলাহাটি,থানা ডোমার, জেলা নীলফামারি মর্মে নিশ্চিত হয়। পরবর্তীতে মৃতের আত্মীয় স্বজনদের সংবাদ প্রদান করা হলে মৃতের ফুপু মোছা: ফুলজান খাতুন এসে মৃতদেহটি তার বড় ভাইয়ের মেয়ের বলে সনাক্ত করে। এরপর থানা পুলিশ বিধি মোতাবেক লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে প্রেরণ করেন। উক্ত ঘটনায় মৃতের ফুপু ফুলজান খাতুন বাদী হয়ে ঐ দিনই নগরকান্দা থানায় মৃতের স্বামী মো: সাহেব আলী ও তার প্রথম স্ত্রী জোছনা বেগমসহ অজ্ঞাতনামা আসামিদের নামে একটি অভিযোগ দায়ের করলে পরবর্তীতে গত ২৬/০৪/২৩ তারিখ নগরকান্দা থানা পুলিশ গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকা হতে মামলার ২ নং আসামি জোছনা বেগমকে আটক করেন এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। কিন্তু মামলার ১ নং আসামী মো: সাহেব আলী তখনো পলাতক থাকে। এরপরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় নগরকান্দা থানা পুলিশের একটি টিম গত ০৫/০৫/২৩ তারিখ ভোরে ঢাকা জেলার দোহার থানা এলাকা হতে আসামী মো: সাহেব আলীকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সাহেব আলী পারিবারিক কলহের কারনে মামলার ভিকটিম মনিরা আক্তারকে উপর্যুপরি ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করার কথা স্বীকার করে এবং আসামীর দেয়া তথ্যের ওপর ভিত্তি করে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে নগরকান্দা থানাধীন মানিকনগর গ্রামের জনৈক মামুন শিকদারের ফসলি জমির পাশে একটি মেহগনি গাছের নিচ থেকে হত্যাকান্ডে ব্যাবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”