শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৬

কুপিয়ে কিশোরকে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাত-পা বেঁধে ও এলোপাতাড়ি কুপিয়ে গাজীপুরে এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে নিহতের লাশ জেলা শহরের দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক নিরিবিলি মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম সিয়াম (২০)। তার বাড়ি মহানগরীর সদর থানাধীন ছোট দেওড়া এলাকায়। জিএমপির অতিরিক্ত উপ-কমিশনার জনাব, রেজোয়ান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জিয়াউল ইসলাম ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক নিরিবিলি মাঠে হাত-পা বাঁধা এক কিশোরের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কালো রংয়ের প্যান্ট পরিহিত ওই কিশোরের শরীরে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে,
বুধবার দিবাগত রাতে তাকে সেখানে এনে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।