শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৪

ছুরিকাঘাতে নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দু’দল কিশোর গ্যাংয়ের বিবাদের জেরে চাঁপাইনবাবগঞ্জ শহরে একদল কিশোরের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার সাথে থাকা অপর এক কিশোর। রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের প্রান্তে পুরাতন মহানন্দা সেতুর (ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) ওপর ঘটনাটি ঘটে। গুরুতর আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ফাহাদ শহরের মসজিদপাড়া মহল্লার মো.মহিদুলের ছেলে। আহত ইমন শহরের মিস্ত্রীপাড়া মহল্লার মো. আশরাফুলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব, মো. রোকনুজ্জামান বলেন, ঠিক কি কারণে ঘটনাটি ঘটল তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে। হতাহতদের সাথে থাকা একই বয়সী অপর দুজন জানায়, গত শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাদের সাথে আরেক দল কিশোরের কলহ হয়। এরই জেরে রবিবার ওই দলের ৯-১০ জন কিশোর মহানন্দা সেতুর টোল প্লাজা পেরিয়ে সেতুর ওপর অবস্থান নেয়। সেখানে তাদের চারজনের উপর অতর্কিত হামলা চালায় ওই দলের কিশোররা।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, হামলাকারীদের শনাক্ত করা গেছে। এরা প্রায় সকলে ১৫ থেকে ১৭ বছর বয়সের এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।