শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৪

নারী শ্রমিকের লাশ উদ্ধার ফরিদপুরের নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা : এক নারী শ্রমিকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ, আর এ ঘটনা ফরিদপুরের নগরকান্দায়। রোববার (২৩ এপ্রিল) উপজেলার তালমা ইউনিয়নের (ঢাকা-বরিশাল মহাসড়ক) মানিকনগর ব্রিজের পাশ থেকে বেলা সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয়।
তালমা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান শেখ বলেন, মানিকনগর ব্রিজের পাশে যে নারীর ক্ষত বিক্ষত লাশ পাওয়া গেছে, তার নাম মনিরা বেগম (২৭)। মনিরা নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের ইজিবাইক চালক সাহেব আলীর স্ত্রী। সে বাখুন্ডা একটি জুট মিলের শ্রমিক। মনিরা বাখুন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে তার স্বামীর সঙ্গে থাকতেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে মানিকনগর ব্রিজের পাশে এক নারীর ক্ষত বিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবরটি মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় নারী শ্রমিককে কুপিয়ে ক্ষত বিক্ষত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, রোববার সকালে খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। এসময় তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানাই। নগরকান্দা থানার ওসি জনাব, মিরাজ হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
নগরকান্দা থানার ওসি জনাব, মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”