শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪০

শ্রমিক নিহত ডাকাতের গুলিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতের গুলিতে ঢাকার সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক বলছে পুলিশ। এ ঘটনায় তারা সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোররাত ৩টার দিকে কাঠগড়া এলাকার নয়াপাড়ায় একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত মফিজুল মোল্লা (৩২) টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা। তিনি নয়াপাড়ায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।
বাড়ির মালিক কামরুল হাসান শাকিল জানান, রাত ৩টার দিকে একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে ঢোকার চেষ্টা করে। তারা চিৎকার করলে পাশের বাড়ির ভাড়াটিয়া মফিজুল মোল্লাসহ কয়েকজন এগিয়ে আসে। এ সময় ডাকাতরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন মফিজুল। পরে তাঁকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. বাবু আলী আশুলিয়া থানায় মামলা করেছেন।
র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব, মো. আসাদুজ্জমান বলেন, প্রত্যক্ষদর্শীদের কথা প্রাথমিকভাবে জেনেছি, কাঠগড়ায় গভীর রাতে কয়েকজন একটি বাড়ির জানালা খোলার চেষ্টা করেছে। বাড়ির লোকজন চিৎকার করলে প্রতিবেশী ভাড়াটিয়া এগিয়ে এলে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। কিন্তু নিহত ব্যক্তির সঙ্গে আরো দুজন একই রুমে ছিলেন, তাঁরা কেন বের হলেন না। কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে এবং পরিকল্পিত ঘটনা কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।