ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলের লাঠির আঘাতে মৌলভীবাজারের কমলগঞ্জে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৭ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে আলীনগর চা বাগানে কথা কাটাকাটির জের ধরে মা দেওন্তী নুনিয়ার (৪৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে সাধন নুনিয়া। পরবর্তীতে পুলিশ ঘাতক ছেলে সাধনকে আটক করেন।
মৃত দেওন্তী নুনিয়া চা বাগানের ইন্দ্রপ্রসিদ নুনিয়ার স্ত্রী।
জানা যায়, দুপুরের দিকে মা দেওন্তীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সাধনের। একপর্যায়ে ছেলে ঘরে থাকা একটি লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তার মা এবং তার মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন তখন ছুটে আসে। আহত দেওন্তীকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর সাধন নুনিয়া পালিয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ রাত ১০টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার ভোরে আলীনগর চা বাগানের একটি নির্জন স্থান থেকে পলাতক সাধন নুনিয়াকে আটক করেন। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি জনাব, সঞ্জয় চক্রবর্তী বলেন, ছেলেই মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে এবং ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।