ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবার কুড়ালের কোপে সাতকানিয়ায় মানসিক ভারসাম্যহীন এক ছেলের মৃত্যু হয়েছে। তার নাম মো. আক্কাস উদ্দিন (২৩)। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গা তত্তার মসজিদ এলাকার চরপাড়ার হোসেন আহমদের মানসিক ভারসাম্যহীন ছেলে মো. আক্কাস উদ্দিন বিভিন্ন সময়ে বাবা-মা ও প্রতিবেশীদের ধাওয়া এবং মারধর করে। ঘটনার দিন সকালে তার মাকেও মারধরের জন্য কয়েকবার ধাওয়া করে।
এদিকে, বিকাল সাড়ে ৫টার দিকে আক্কাস গাছ কাটার কথা বলে কুড়াল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখন বাবা-মাসহ পরিবারের সবাই তাকে নিষেধ করে। কিন্তু আক্কাস নিষেধ না শুনে কুড়াল নিয়ে চলে যায়। এসময় হোসেন আহমদ দৌড়ে গিয়ে আক্কাসের কাছ থেকে কুড়াল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাবা-ছেলে হাতাহাতিতে লিপ্ত হয়। এক পর্যায়ে রাগান্বিত হয়ে বাবা হোসেন আহমদ কুড়াল কেড়ে নিয়ে ছেলে আক্কাসের মাথায় কোপ দেয়। এতে আক্কাস ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, ইয়াসির আরাফাত জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিহত আক্কাসের বাবা হোসেন আহমদকে ডেকে আনা হয়েছে।