ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবার লাকড়ির আঘাতে নোয়াখালীর কবিরহাটে ছেলে মানিক চন্দ্র দাসের (২২) মৃত্যু হয়েছে।
খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সোমবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবা নিত্য লাল দাসকে (৫৫) গ্রেফতারের পর নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ।
উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে মানিক তার স্ত্রীকে মারধর করে। ওই সময় মানিকের পিতা নিত্য লাল ঘটনার কারণ জিজ্ঞেস করলে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ড শুরু হয়।
একপর্যায়ে রান্নাঘরের লাকড়ি দিয়ে নিত্য লাল তার ছেলে মানিকের মাথায় আঘাত করলে মানিক গুরুত্বর আহত হয়। পরে মানিকের বাবা ও অন্যান্য আত্মীয়-স্বজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যেই মানিক মারা যায়।
কবিরহাট থানার ওসি জনাব, মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামি বাবাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।