শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৫

গলা কাটা মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভুট্টা ক্ষেত থেকে বগুড়ার শাজাহানপুরে শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক (১৭) নামে এক কলেজছাত্রের হাত-পায়ের রগ ও গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাহান, নাজমুল ও জয় নামে তিন কিশোরকে আটক করা হয়েছে।
আশিক উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম বাবুলের ছেলে। সে শেরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেন থানার ওসি জনাব, আব্দুল কাদের জিলানী।
নিহত আশিকের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আশিক বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুদের সঙ্গে স্থানীয় শাখাটিয়া মেলায় যায়। এরপর আর বাড়ি ফেরেনি। তখন থেকেই নিখোঁজ ছিল আশিক। অনেক খোঁজাখুঁজি করে না পেলে রবিবার দুপুরে থানায় জিডি করেন আশিকের মা। একই দিন সন্ধ্যার একটু আগে একই ইউনিয়নের রামপুর জংলাপুকুর এলাকায় জনৈক আব্দুস সামাদ নামের এক ব্যক্তির ভুট্টা জমির ভেতর আশিকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। আশিকের হাত, পায়ের রগ ও গলা কাটা এবং বুকের ডান পাশে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানার ওসি জনাব, আব্দুল কাদের জিলানী জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার সমবয়সী তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।