ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মফিজার রহমান (৬০) নামে দিনাজপুরের হিলিতে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা তার ব্যটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করেছে।
পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে অটোরিকশাটি জব্দ করেছে। সোমবার রাত ১২টায় হাকিমপুর উপজেলার জামতলি আদিবাসী মিশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জনাব, আবু সায়েম মিয়া। নিহত মফিজার রহমান (৬০) হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।
হাকিমপুর থানার ওসি জনাব, আবু সায়েম মিয়া বলেন, সোমবার রাতে হিলি থেকে দুজন যাত্রী নিয়ে উপজেলার মনসাপুরের দিকে রওনা দেন মফিজার রহমান। পরে তারা পৌরসভার জামতলি মিশন এলাকায় পৌঁছালে অটোতে থাকা দুই যাত্রী চালককে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালানোর চেষ্টা করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় অটোটি জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।