ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা করা হয় ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ব্যবসায়ী হামিদুল ইসলাম জনিকে, আর এই হত্যাকাণ্ড মোবাইল ফোন বিক্রির পাওনা টাকা চাওয়ায়। এ ঘটনায় সজিব আহাম্মেদ অপু (১৯) নামে এক যুবকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা করেছেন নিহতের ভাই ছাব্বির হোসেন। ১০-১৫ দিন আগে নিহত জনির দোকান থেকে ৬১ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন বাকিতে নেয় আসামি অপু। এই টাকা চাওয়া নিয়ে কয়েকদিন আগে আসামি অপুর সঙ্গে জনির কথাকাটাকাটি ও হাতাহাতি হয়েছিল।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঝিনাইদহ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট জনাব, মো. রাসেল। সোমবার রাতে মামলার পর আসামি অপুকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
আসামি সজিব আহাম্মেদ অপু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। নিহত জনি একই গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে। সোমবার দুপুরে শহরের কসাইমোড় এলাকায় নিজ দোকানে তাকে হত্যা করা হয়।
হরিণাকুণ্ডু থানার ওসি জনাব, সাইফুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি-না সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।