ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কামাল হোসেন (৬৪) নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে, আর এই ঘটনা আলমডাঙ্গার জেহালা গ্রামের। জমি নিয়ে বিরোধে গতকাল সোমবার দিনগত রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। একই গ্রামের স্বাধীন নামের এক ব্যক্তি তাকে হত্যা করেছেন বলে পারিবারিকভাবে দাবি করা হয়েছে। স্বাধীন জেলার মোতাহার আলীর জামাই।
নিহত কামাল হোসেন জেহালা গ্রামের প্রয়াত জাহান আলী মাস্টারের ছেলে। তিনি ঠিকাদারি করতেন।
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসানুল হক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, রাতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বাধীন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।