ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলা টিপে স্ত্রীকে হত্যা মামলায় বগুড়ায় স্বামী বুদু মন্ডলকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুর ১টার দিকে আসামির উপস্থিতিতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বুদু মন্ডল কাহালু উপজেলার উলখার এলাকার মৃত মেছের আলীর ছেলে।
এসব তথ্য জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নাছিমুল করিম হলি।
আইনজীবী নাছিমুল করিম হলি বলেন, বিচার চলাকালে আমরা আদালতে সাক্ষী উপস্থাপন করেছিলাম। আদালত সবকিছু বিবেচনা করে মামলার একমাত্র আসামি বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।